তিতুদহ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পথচারীদের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপিতে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রাম থেকে বিত্তেরদাড়ি পর্যন্ত রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে গোবরগাড়া গ্রামের মানবতার কল্যাণ সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে সংগঠনের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, গোবরগাড়া থেকে বিত্তেরদাড়ি রাস্তাটি একটি মাঠের রাস্তা। বর্তমানে রাস্তাটি পাকা করার কাজ চলছে। আমরা রাস্তার উভয় পাশে যে বৃক্ষগুলো রোপণ করেছি, সেগুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করব। গাছগুলো বড় হলে শুধু অক্সিজেনই দেবে না, পাশাপাশি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থলও সৃষ্টি হবে।
আমাদের জেলায় এখনও পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তাই আবহাওয়া ও পরিবেশের অনুকূল পরিস্থিতি কাজে লাগিয়ে আমাদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আসুন, আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং আমাদের জেলাকে সবুজ, শীতল ও দূষণমুক্ত রাখতে ভূমিকা রাখি।
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করে আসছে। পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ সময় উপস্থিত ছিলেন রাকিবুল, সাহাবুল, বায়জিদ, নীরব, জনি, মিশাল, শেখ সাদিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
গড়াইটুপিতে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করল পরিবেশবাদী সংগঠন



