দামুড়হুদায় বিনামূল্যে নারীদের ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
নারী স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত বুধবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছর ও তদূর্ধ্ব নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (এঙঝই), ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, রোটারি ক্লাব অব ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা সেফ লাইফ ফাউন্ডেশন এর আয়োজনে নারীদের মধ্যে ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। দিনব্যাপী আয়োজনে আগত শতাধিক নারীর বিনামূল্যে স্ক্রিনিং, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। একই সাথে ক্যান্সার প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
কার্যক্রম পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, এমওডিসি ডাঃ আলমগীর হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। এসময় সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, বাংলাদেশে নারীদের মৃত্যুর অন্যতম কারণ স্তন ও জরায়ুমুখ ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই ক্যান্সার নিরাময়যোগ্য। তাই ৩০ বছর পর প্রত্যেক নারীর নিয়মিত স্ক্রিনিং করা জরুরি। এ ধরনের উদ্যোগ শুধু একদিনের স্ক্রিনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই এর মূল লক্ষ্য।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।