উথলীতে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

রকিবুজ্জামান/টিপু সুলতান, জীবননগর
‘অল্প সময়ে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ১ নম্বর উথলী ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উথলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয়ভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরমান আলী। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা সহজ করা, গ্রামে প্রচলিত অনানুষ্ঠানিক সালিশি ব্যবস্থা কমানো এবং উচ্চ আদালতে মামলার জট কমানোর লক্ষ্যেই গ্রাম আদালতকে কার্যকর করা প্রয়োজন। স্থানীয়ভাবে সালিশ না করে বিবাদমান বিষয়গুলো গ্রাম আদালতে উপস্থাপনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এতে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সহজে আইনি সেবা ও ন্যায়বিচার পাবেন। তিনি আরও বলেন, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার দায়িত্ব সভায় উপস্থিত সবাইকে নিতে হবে। এর মাধ্যমে স্থানীয় সরকারের উদ্যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা আরও কার্যকর হবে এবং উচ্চ আদালতে মামলার চাপ কমবে।
জীবননগর উপজেলার সমন্বয়কারী শিশির চৌকিদার গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক সেবার বিভিন্ন দিক তুলে ধরে সার্বিক উপস্থাপনা করেন। সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম, উথলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. হাসানুজ্জামান। এ ছাড়া একই ধরনের মতবিনিময় সভা উপজেলার হাসাদাহ ও বাঁকা ইউনিয়ন পরিষদেও অনুষ্ঠিত হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।