ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় দোয়া

হিজলগাড়ী প্রতিনিধি
জীবননগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক নবচিত্র-এর জীবননগর প্রতিনিধি ও পিয়ারাতলা ফল বাজারের সভাপতি চাষী রমজান আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় হিজলগাড়ী প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় হিজলগাড়ী প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চাষী রমজান। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। পরে ঢাকায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাঁর শরীরে আবারও ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে চীনের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চাষী রমজানের অসুস্থতার খবরে জীবননগর প্রেসক্লাব, জীবননগর সাংবাদিক সমিতি ও হিজলগাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
দোয়া অনুষ্ঠানে হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি লাবলু রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক নিশান মিয়া, অর্থ সম্পাদক আশরাফুল হক, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য আশিক ও দপ্তর সম্পাদক আলী আকবার উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।