চুয়াডাঙ্গায় ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ক্রীড়া শপথ পাঠের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আজ প্রচণ্ড রোদ। কিন্তু আমাদের রোদে পুড়েই নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কারণ সূর্যের আলোর ভিটামিন ডি আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। আমরা চুয়াডাঙ্গাবাসী অনেক সৌভাগ্যবান। আমাদের চমৎকার চমৎকার সব মাঠ রয়েছে। তাই এসব মাঠে এসে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। তোমাদের জন্যই এসব আয়োজন করা হচ্ছে। তোমরা মাঠে এসো, খেলাধুলা করো। এসব গুণাবলির মাধ্যমে তোমরা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করো। হার-জিত এ দুটো নিয়েই আমাদের জীবন। আমরা জীবনে অনেক ক্ষেত্রে জিতব, আবার অনেক ক্ষেত্রে হেরেও যাব। তবে এই হারকে হজম করে কেন হারলাম, তা শনাক্ত করতে হবে। যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তবেই আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারব। আমাদের ব্যর্থতাই সফলতার পথ দেখাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিকাইল হোসেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।