জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দর্শনা পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশের শুভ সুচনা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী টুর্নামেন্টের শুভ  উদ্ধোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্ধোধনী খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ বনাম দর্শনা পৌরসভা একাদশ। তুমুল প্রতিন্দন্দ্বীতাপূর্ণ এ খেলায় চুয়াডাঙ্গা পৌরসভা ২-০ গোলে দর্শনা পৌরসভাকে পরাজিত করে শুভ সুচনা করেন এবং প্রথম সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ সোমবার একই মাঠে আলমডাঙ্গা উপজেলা বনাম জীবননগর উপজেলা দল মুখোমুখি হবে।
উদ্বোধনের পূর্বে স্টেডিয়াম প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে হবে। তাই কেন্দ্র থেকে ইউনিয়ন ও ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগের অংশ হিসেবে রয়েছে। এই আয়োজন চুয়াডাঙ্গায় ক্রীড়া চেতনার নবজাগরণ ঘটাবে এবং তরুণদের সম্ভাবনা বিকাশে সহায়ক হবে। খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলার আহ্বান রইলো। পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখার আহ্বান জানাছি। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে তরুণদের মানবসম্পদে রূপান্তরিত করাই সরকারের লক্ষ্য। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের। একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম তারিক উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার রুহুল কবির খান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ প্রমুখ।
এর আগে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এবং বলে কিক মেরে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় নৃত্যের তালে তালে  গোল্ডকাপ ফুটবলের থিমসং বাজানো হয়। টসে জিতে চুয়াডাঙ্গা পৌরসভা খেলার সুচনা করেন। প্রথমার্ধে চুয়াডাঙ্গা পৌরসভা দলের শাকিল গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে মহিবুল আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মাঠ ছাড়েন চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ।  খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার লাভ করেন চুয়াডাঙ্গা পৌরসভা দলের শাকিল আহমেদ।
এদিকে বেলা ৩টার থেকে বিভিন্ন এলাকা থেকে ফুলবলপ্রেমী দর্শক মাঠে প্রবেশ করতে থাকে। বেলা ৪টার দিকে মাঠের ৩টি গ্যালারী দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। একদিকে চলতে থাকে বাদাম ও ঝালমুড়ি খাওয়া অপরদিকে চলতে থাকে ফুটবল খেলা। মাগরিবের আজানের পূর্বেই প্রথম দিনের খেলা শেষ হয়। দীর্ঘদিন পর মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হওয়ায় মাঠে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।