আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় একটি বসতবাড়ির বারান্দা থেকে সাদা টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা এগোরটার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের পারভিনা খাতুন (৩৫) ও তাঁর স্বামী মো. রেজাউল হকের বসতবাড়ির বারান্দায় কাঠের উপর দুটি ককটেলসদৃশ বস্তু সাদা টেপ দিয়ে জড়িয়ে রেখে যায়।
শনিবার বেলা ১১টার দিকে বাড়ির মালিকের ছেলে সিজান (১৭) ঘরের মেঝের কাঠ সরাতে গিয়ে সাদা টেপ দিয়ে জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি দেখে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে। এগুলো ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। কারা এগুলো সেখানে রেখে গেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।



