আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক হোসেন আলীর বিরুদ্ধে খারাপ আচরনের প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক মোঃ হোসেন আলীর বিরুদ্ধে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, হুমকি-ধামকি, অশালীন আচরণ এবং পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ডালিয়ারা পারভীন শিলা (৪৬) নামে এক নারী। গতকাল শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডালিয়ারা পারভীন শিলা বলেন, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার মৃত ভাসুরের স্ত্রী সুবর্ণা মুস্তারী রূপা, রূপার স্বামী রিংকু, বেলগাছির বাসিন্দা মোঃ কবির, মোস্তফাসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ব্যক্তি আলমডাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা মোঃ হোসেন আলীসহ কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তার স্বামী ও ছোট মেয়েকে হুমকি-ধামকি দেওয়া হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে তারা যে ভবনে বসবাস করেন সেই ভবনের মূল গেটে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলমডাঙ্গা সিভিল জজ আদালতে তাদের মধ্যে দেওয়ানি মামলা চলমান রয়েছে। বিষয়টি পুলিশ কর্মকর্তা মোঃ হোসেন আলীকে জানানো হলেও তিনি তার স্বামীর শার্টের কলার ধরে গালিগালাজ করেন এবং তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। জমি নিয়ে বিরোধের বিষয়টি জানা থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা তার পরিবারের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডালিয়ারা পারভীন শিলা আরো বলেন, তার ও পরিবারের সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার না হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পুনরায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ডালিয়ারা পারভীন শিলার স্বামী তৌহিদুজ্জামান লেন্টু, ভাই জাহাঙ্গীর আলম, ভাগ্নে সাদিক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।