স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে চুয়াডাঙ্গায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এসময় কেন্দ্রীয় অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তারা কার্যালয় প্রাঙ্গণ থেকে অভিযান শুরু করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষকে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। গতকাল ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজ উল ইসলাম, সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া রোভার, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অভিযানে অংশ নেন।
ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন



