আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ফরিদপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, কে কোন দল করেন, তা না দেখে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধানে কাজ করতে হবে। দেশে বিদ্যুৎ, সার ও গ্যাসের সংকট দিন দিন বাড়ছে। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক এবং জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম এবং বেলগাছি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা।
এ সময় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মজনু, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলমডাঙ্গার বেলগাছিতে জামায়াতের সমাবেশে এমপি রাসেল বিদ্যুৎ, সার ও গ্যাস সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান



