স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, তাঁদের কল্যাণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল শনিবার তিনি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও অবদান সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল



