তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। হারিয়ে যেতে বসা এই লোকজ আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। খেলাকে ঘিরে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গতকাল শনিবার কালুপোল গ্রামে আয়োজিত ঝাঁপান খেলায় ওঝা ও সাপুড়িয়ারা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিল বিভিন্ন প্রজাতির সাপ। ঢোল ও বাদ্যযন্ত্রের তাল এবং দর্শকদের করতালির মধ্যে সাপুড়িয়ারা সাপ নিয়ে নানা ধরনের নাচ ও গানের পরিবেশন করেন।
খেলা দেখতে মাঠের চারপাশে নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন এই ঐতিহ্যবাহী আয়োজনের দৃশ্য। সাপুড়িয়াদের বিভিন্ন কৌশল ও সাপের নড়াচড়া দেখে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।
কালুপোল গ্রামের আবুল কাশেম বলেন, একসময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত ঝাঁপান খেলার আয়োজন হতো। কিন্তু আধুনিক বিনোদনের বিস্তারে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই লোকজ সংস্কৃতি। দীর্ঘদিন পর কালুপোলে এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।”
আয়োজকেরা বলেন, ঝাঁপান খেলা শুধু বিনোদন নয়, এটি গ্রামবাংলার শত বছরের লোকজ ঐতিহ্যের একটি অংশ। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।
কালুপোলের এই ঝাঁপান খেলাকে ঘিরে পুরো এলাকা যেন ফিরে পেয়েছে পুরোনো দিনের প্রাণচাঞ্চল্য। ঐতিহ্যবাহী এই আয়োজন ধরে রাখতে নিয়মিত এমন লোকজ অনুষ্ঠানের আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কালুপোলে জমজমাট ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত



