সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমানকে সংবর্ধনা

ঝিনাইদহ অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় কোটচাঁদপুরের আলফালাহ্ ইসলামী সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
অনুষ্ঠানে কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান, মতিউর রহমান খান, মাস্টার রেজাউল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, মাওলানা নজীর আহমদ, মাওলানা নুরুন্নবী, শাহ্ আলম, জাহিদ হোসেন আওয়াল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আতিকুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মতিয়ার রহমান বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এ অর্জন আমার একার নয়; এ অর্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং ঝিনাইদহ-৩ আসনের কোটচাঁদপুর-মহেশপুরের সর্বস্তরের জনগণের। তিনি বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে কোটচাঁদপুর-মহেশপুরের সড়ক যোগাযোগসহ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে সংসদীয় কমিটির দায়িত্বকে কাজে লাগানোর চেষ্টা করব।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মতিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে ঝিনাইদহ-৩ আসনের জনগণের বিভিন্ন দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কোটচাঁদপুর-মহেশপুরের সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।