দামুড়হুদায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

দামুড়হুদা অফিস
“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট, মাঠ প্রস্তুতি, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিযোগিতা পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।
সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান বাচ্চু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।