দর্শনা অফিস
দর্শনায় বসতবাড়ি থেকে চুরি করা মালামালসহ আয়নাল হক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের তত্ত্বাবধানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার এসআই মোস্তাফিজুর রহমান খবর পান, দর্শনা থানার শ্যামকুড় গ্রামের রুকিয়া বেগমের বসতবাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আটক আয়নাল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—প্রায় ৪ হাজার টাকা মূল্যের একটি ভেনাস সিলিং ফ্যান, ২ হাজার টাকা মূল্যের দুটি বিছানার চাদর, ৮ হাজার টাকা মূল্যের ৩২ পিসের একটি ডিনার সেট, ৯০০ টাকা মূল্যের ছয়টি স্টিলের খাবার প্লেট এবং ১৫ হাজার টাকা মূল্যের একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। পরে আয়নাল হককে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আয়নাল হক দর্শনা পুরাতন বাজারপাড়া এলাকার নুর মিয়ার ছেলে।
দর্শনায় চুরির মালামালসহ চোর আটক



