মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার সময় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সাংগঠনিক মজবুতির জন্য যে স্থানে যে কাজ প্রয়োজন, তা যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামানসহ কর্মপরিষদ ও টিম সদস্যবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।