জীবননগর অফিস
জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবননগরে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মো. আসলাম হোসেন ও উপপরিচালক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, জাল নোট বাজারে ছড়িয়ে পড়লে দেশের অর্থনীতিতে নেতিবা প্রভাব পড়ে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কাগুজে মুদ্রার প্রতি আস্থা কমে যায় এবং দেশের আর্থিক ব্যবস্থাও হুমকির মুখে পড়ে। বক্তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আরও বলেন, জাল নোট তৈরি, বহন বা লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাথার সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আসল ও জাল নোট শনাক্তের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। জাল নোট প্রতিরোধে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবননগরে দিনব্যাপি কর্মশালা



