মেহেরপুর অফিস
সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি নিনোসাকা হলে এ আয়োজন করা হয়। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বর্তমান সময়ে কোমলমতি শিক্ষার্থীরা মাদক, অনলাইন জুয়া এবং অসচেতনতার কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং জীবনের মূল্য বুঝতে পারলেই আত্মহত্যার মতো ঘটনা রোধ করা সম্ভব।
এছাড়াও সভায় শিক্ষার্থীসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, অনলাইন জুয়ার ভয়াবহতা, সড়কে চলাচলে সতর্কতা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাংনীতে অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা



