আলমডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল পাঁচটায়  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে মৎস্যচাষীদের আরও উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহেনেওয়াজ মেহেদী, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, যুবদল নেতা আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যচাষী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত মৎস্যচাষী ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।