জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে তিন ঘণ্টা আটকা থাকার পর জীবিত উদ্ধার চালক

জীবননগর অফিস
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়া ট্রাক্টরের নিচে প্রায় তিন ঘণ্টা আটকা থাকার পর হযরত আলী (৩০) নামে এক চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও ভেকুর সহায়তায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।
হযরত আলী জানান, দুপুরে নিজের ট্রাক্টর পানি দিয়ে পরিষ্কার করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তিনি। নারায়ণপুর-সুবলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাক্টরটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে তিনি সেটির নিচে চাপা পড়ে আটকা পড়েন।
খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভেকু এনে ট্রাক্টরটি সরানোর কাজ শুরু করা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ট্রাক্টরের নিচ থেকে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ভেকুর সহায়তায় চালককে জীবিত উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক সেটির নিচে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।