গিরিশনগর বাজারে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বার্তা পৌঁছে দিতে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদক ছাড়ো, না হয় দর্শনা থানা এলাকা ছাড়ো।মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবনকারীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও তরুণ সমাজকে মাদক প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় এজন্য সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তা গোপন না রেখে প্রশাসনকে তথ্য দেওয়ারও আহ্বান জানান তিনি।
পথসভায় বক্তব্য রাখেন দর্শনা থানা বিএনপির সদস্য আমিরুল ইসলাম মিন্টু। তিনি বলেন, মাদকমুক্ত তিতুদহ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন টোটন, মিনাজুল ইসলাম, হামিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পথসভায় অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান এবং গিরিশনগরসহ পুরো তিতুদহ ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।