স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কারাগার পরিদর্শন করেছেন। মাসিক পরিদর্শনের অংশ হিসাবে কারাগার পরিদর্শন শেষে কয়েদীদের মাঝে বই বিতরণ করেন। বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করা হয়। এর আগে কারাগারের প্রধান ফটকে প্রবেশ করলে কমিটির সদস্যদের গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কারাগারে দায়িত্বরত কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বন্দীদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি ও ইতিবাচক চিন্তাচর্চায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগ কারাগারে অবস্থানরত কয়েদীদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও আত্মউন্নয়নের অন্যতম মাধ্যম এবং সংশোধনমূলক কার্যক্রমে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, জেল সুপার আশিষ মমতাজ, জেলার মনির হোসেন, সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেনসহ জেলা প্রশাসন, কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপরের কারাগার পরিদর্শন কয়েদীদের মাঝে বই বিতরণ



