স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় অদম্য জুলাইয়ের ব্যানারে জেলা শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কবরী রোড হয়ে কোর্টমোড় প্রদক্ষিণ করে বড় বাজারের শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে করে একই স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।
সমাবেশে জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহসিন ইমদাদুল্লা জামেন বলেন, ৩৬ জুলাই যদি এই বাংলার জমিনে না হতো তাহলে তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। এই জুলাই হয়েছে বলে খালেদা জিয়ার জানাযা এই দেশে হয়েছে। এই জামায়াত শিবিরের চামড়া তুলতে গিয়ে তাদের দিল্লিতে পালাতে হয়েছে। জামায়াতের ছাত্র শিবিরের তাড়াতে গিয়ে আপনাদের এই দেশ থেকে বিদায়ের ঘন্টা যেন বাজাতে না হয়। সেই ব্যাপারে সর্তক থাকবেন। তাই এখনি বিএনপি সরকারকে আহ্বান করছি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করুন।
সংগঠনটির সেক্রেটারি মাসুম বিল্লাহ বলেন, জুলাই আন্দোলনে যে সকল ভাইদের হত্যা করা হয়েছে। সেই সব হত্যাকারিদের এখনো বিচার কার্যকর হয়নি। জুলাই আন্দোলনের দুই বছর হয়ে গেল। অথচ এই বর্তমান সরকার জুলাই হত্যাকারিদের বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আর কোনো হেলাফেলা চলবে না। খুব দ্রুত বিচার চাই।
জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানাছি। জুলাইকে মুছে ফেলার চেষ্টা করলে আবারও একটা জুলাই হবে এই দেশে। বর্তমান সরকার সৈরাশাসনের পথে হাটছে। তারা ফ্যাস্টিট হতে চাই। এই দেশে আর কোনো ফ্যাস্টিট দলের জায়গা নেই। জনগণের রায় বাস্তবায়ন করুন। তা না হলে আপনারাও ওই পলাতক সৈরাশাসক দল আওয়ামীলীগের মতো অবস্থা হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম, অফিস সম্পাদক পারভেজ আলম, জেলা বায়তুল মাল সম্পাদক আবু রায়হান, জেলা সাহিত্য সম্পাদক শাওন হোসেন রুমন, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি মাসুদুর রহমানসহ জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রশিবির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অদম্য জুলাইয়ের ব্যানারে জেলা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল



