আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে রাইস কুকারের প্লাগ বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন আসাননগর গ্রামের ভ্যানচালক মাসুদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মাসুদ হোসেন পাখিভ্যান নিয়ে বাজারে যান। এ সময় শাহারন খাতুন পরিবারের জন্য ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারে চাল দিয়ে সেটির প্লাগ বৈদ্যুতিক বোর্ডে লাগাতে যান। প্লাগ সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মেঝেতে লুটিয়ে পড়েন।
স্বামী মাসুদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন, শাহারন খাতুন চৌকি ও বক্সের পাশে মেঝেতে পড়ে আছেন। রাইস কুকারের প্লাগ লাগানো সুইচ বোর্ডটি ভাঙা এবং বৈদ্যুতিক তার তার হাতের সঙ্গে আটকে রয়েছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাঁশের সাহায্যে বিদ্যুতের তার সরিয়ে দেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও এর আগেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায়, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেন। অপমৃত্যু মামলা হয়েছে।
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু



