দর্শনা পৌরসভা নির্বাচনকে ঘিরে অপপ্রচারের অভিযোগে লিখিত বিবৃতি দিলেন যুবদল নেতা রিংকু

দর্শনা অফিস
দর্শনায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ এনে লিখিত প্রতিবাদ জানিয়েছেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু। গতকাল রোববার দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া এক লিখিত প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী ও উদ্দেশ্যপ্রণোদিত মহল ভুয়া আইডিসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছড়ানো হচ্ছে। একটি অসাধু চক্র তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন এবং জনসমর্থন নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ভুয়া আইডির মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার অব্যাহত থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে তিনি দর্শনা প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের প্রতি গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে সত্য প্রকাশ ও গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন রিংকু সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।