আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম হাকিমপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের ফুরকানের ছেলে সোহাগ মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে মুস্তাকিম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



