তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও একাধিক পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। গতকাল শুক্রবার বিকেল ৫টার পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, পথসভা এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
পথসভাগুলোতে স্থানীয় বাসিন্দারা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এমপি রুহুল আমিন জনগণের খোঁজখবর নেন এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
গড়াইটুপি ইউনিয়নের আনন্দবাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনাদের এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি সবসময় আমার নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
ক্রীড়া উন্নয়নের বিষয়ে তিনি জানান, প্রতিটি ইউনিয়নে প্রায় ৮ বিঘা জমির ওপর একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এসব স্টেডিয়াম নির্মিত হলে এলাকার শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ পাবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে মহাসড়ক সম্প্রসারণ করে ৩৪ ফুট প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে একটি করে মসজিদ ও একটি করে মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে, যাতে তারা সহজে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে।
পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও কুশল বিনিময় করলে এমপি রুহুল আমিন



