মেহেরপুর অফিস
গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাব্বি হোসেন (১৮) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আযান ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আযান গ্রামের কিশোরদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে রাব্বি হোসনে আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির ফুটবল দলের বন্ধু রাজিব হোসেন বলেন, রাব্বি আমাদেরই বন্ধু এবং আত্মীয়। আমরা একই সাথে থাকি। তার নানির বাড়ি আযান গ্রামে। আযান গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার জন্য রাব্বিই প্রস্তাব দেয়। খেলা চলাকালীন সময়ে সে হঠাতই অসুস্থ হয়ে পড়েন। মাঠের মাঝে বুকে হাত দিয়ে বসে পড়েন। কেন অসুস্থ হয়েছে তা আমরা বুঝতে পারিনি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান জানান, রাব্বি নামের একটি ছেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তশেষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।
গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু



