সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়মাইল জনতা ব্রিকস থেকে একটি সোনালিকা ডিআই আরএক্স-৬০ (ঝড়হধষরশধ উও জঢ-৬০) ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে মুখে কালো কাপড় বাঁধা আনুমানিক পাঁচজন দুর্বৃত্তকে ভাটায় প্রবেশ করতে দেখা গেছে।
ভুক্তভোগী আখের উদ্দিন জানান, তিনি কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মৃত নবীছ উদ্দিনের ছেলে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশে এসে নিজ এলাকায় ‘জনতা ব্রিকস’ নামে একটি ইটভাটা পরিচালনা করছেন। মঙ্গলবার গভীর রাতে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ভাটায় প্রবেশ করে ট্রাক্টরের সিকল ও তালা কেটে সেটি চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ট্রাক্টরটি দ্রুতগতিতে নয়মাইল বাজারের দিকে যেতে দেখা যায়। বাজারের নাইট গার্ড সেটি থামানোর চেষ্টা করলেও চালক কোনো নির্দেশনা না মেনে সরোজগঞ্জ বাজারের দিকে চলে যায়।
নাইট গার্ড মতিন বলেন, রাত প্রায় ১টার দিকে কয়েকজনকে মোটরসাইকেলে করে ভাটার দিকে যেতে দেখি। পরে রাত দেড়টার দিকে একটি ট্রাক্টর দ্রুতগতিতে বাজার দিয়ে চলে আসে। আমি টর্চের আলো ফেলে থামানোর চেষ্টা করলে চালক আরও গতি বাড়িয়ে চলে যায়।
তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পে জানানো হয়। প্রথমে পুলিশ সেটিকে মাঠে চাষাবাদের কাজে ব্যবহৃত কোনো ট্রাক্টর বলে ধারণা করলেও পরে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
ভাটা মালিক আখের উদ্দিন অভিযোগ করে বলেন, আমি একজন প্রবাসী। দেশে এসে নিজ এলাকায় ব্যবসা শুরু করেছি। কিন্তু দীর্ঘদিন ধরে নানা ধরনের চুরি, ডাকাতি ও হামলার শিকার হচ্ছি। আমার একটি জমি নিয়ে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে সেই বিরোধের কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
তিনি জানান, চুরি হওয়া ট্রাক্টরটির বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এর আগেও তার মোটরচালিত টিউবওয়েলসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তিনি বলেন, আশপাশের অন্য কোনো ইটভাটায় এমন ঘটনা ঘটে না। অথচ বারবার আমার প্রতিষ্ঠানই টার্গেট হচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গার নয়মাইল জনতা ব্রিকস থেকে ট্রাক্টর চুরি সিসিটিভিতে মুখোশধারী ৫ দুর্বৃত্তের উপস্থিতি, থানায় অভিযোগ



