চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু পরিচয় সনাক্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে সুখজান বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা চিলেহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ জিআরপি ফাঁড়িতে নিয়ে আসেন।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহত সুখজান বেগম কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের বাসিন্দা। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। চার পাঁচ দিন আগে বাড়ি থেকে রাগারাগি করে তিনি চলে আসেন। গতকাল তিনি ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশে রেল লাইনের ধারে অবস্থান করছিলেন এবং খড়ি কুড়াচ্ছিলেন। অসাবধানতাবশত তিনি রেল লাইনের মাঝখানে চলে আসেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলেহাটি গামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়।
বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে জিআরপি পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। নিহতের লাশ সনাক্ত শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রেললাইনের ওপর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জিআরপি পুলিশ দ্রুত খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। প্রথমে তার পরিচয় সনাক্ত করা না গেলেও পরবর্তীতে পরিচয় সনাক্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।