সরোজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ঢাকাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী বাস একই পরিবারের ৭ জনসহ ২৩ যাত্রী আহত, আশঙ্কাজনক ৩ জনকে রেফার্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে পড়ে। এ ঘটনায়  ২৩ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের  প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল  ৯ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারের অদুরে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রয়েল পরিবহনের বাসটি সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড় বাজার কাউন্টার থেকে ঢাকা অভিমুখে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সরোজগঞ্জ বাজার এলাকায় পৌছুলে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে  হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বুলবুলী নামের এক নারীর ডানহাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলী গ্রামের ছামিউল (৪০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. রুবেল (৪০), চুয়াডাঙ্গার বালিয়াকান্দি গ্রামের মোছা. খাদিজা (১৩), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চকহাদী গ্রামের সুমন (৩২), আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. রাজিব (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আসাদুল হক (৫০), মাদারীপুর জেলার চর কালিকাপুর গ্রামের মোছা. পঞ্চমী বেগম (৬০), মাদারীপুর জেলার চরকাতলা গ্রামের সালাম (৬৫), মাদারীপুর জেলার চর কালিকাপুর গ্রামের মিজানুর (৫০) ও একই গ্রামের শাহিন (২০),  চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার ফজর আলী (৫০), চুয়াডাঙ্গার পাচলিয়া গ্রামের ফারজানা (১৮), মাদারীপুর জেলার চর কালিকাপুর গ্রামের রাশিদা (৫০), আলমডাঙ্গা উপজেলার কাঞ্চনপুর গ্রামের হাফিজুর (৫৭), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের সালাম (২০), গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মেহেদী হাসান (৪০), আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৫৫), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের আরিফ খান (৬০), চুয়াডাঙ্গা সদরের পিটিআইয়ে কর্মরত আরিফুল আজম (৪৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মো. জনি (৪০) আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকার মোছা. বুলবুলী (৩৫), শরীয়াতপুর জেলার মোছা. জাহানারা (৬০)। এছাড়া আহত আরও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন, সকালে ঢাকাগামী রয়েল পরিবহন সরোজগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে পুলিশ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। আমরা বাসটিকে সড়ক থেকে সরাতে সক্ষম হয়েছি। বর্তমানে সড়কে তেমন কোন যানজট নেই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, দুর্ঘটনায় আহত মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং উপজেলা নির্বাহী অফিসার তিতি । সেখানে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের খোঁজখবর নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।