ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে মাদক সেবনের সময় বাবা-ছেলে সহ চার যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত সোমবার মধ্যরাতে শহরের একটি বাসা থেকে বাবা-ছেলেসহ ৩ জনকে ও আরাপপুর মোড় থেকে অপর একজনকে আটক করা হয়। এ সময় আটক তিনজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে মাদক সেবন ও বিক্রির দায়ে আটকদের তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আমলী আদালত এ দণ্ড দেন।
আটককৃতরা হলেন পৌর শহরের কাঞ্চননগর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে আল আমিন (২৩), কলাবাগান পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে রাকিবু়ল ইসলাম রকি (৩৮), আটক রাকিবুল ইসলাম রকির ছেলে অন্তু ইসলাম (২২) ও আরাপপুর এলাকার আব্দুস সালামের ছেলে মনিরুজ্জামান (৩৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি। এসময় শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে শহরের আরাপপুর মোড় থেকে মাদকসেবন করে রাস্তায় অসংলগ্ন আচরণ করা অবস্থায় মনিরুজ্জামান নামে আরেকজনকে আটক করে ডিবি পুলিশ।
মামলার বাদি ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মুরাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বিজ্ঞ আদালত আসামীদের মধ্যে তিনজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। আটক অন্তু ইসলামকে দন্ড না দিয়ে বিজ্ঞ আদালত কারাগারে পাঠিয়েছেন।
ঝিনাইদহে ইয়াবা সেবনকালে বাবা-ছেলেসহ আটক ৪



