আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মারফত আলী (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রেজাউল হকের ছেলে। গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে রোয়াকুলি বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শাহীনুর আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড



