জীবননগর অফিস
জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকার বুধবার বেলা দেড়টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বুধবার দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সীমান্ত এলাকায় মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৭০/৬-এস সংলগ্ন এলাকায় সন্দেহভাজন এক চোরাকারবারীকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে পলিথিনে মোড়ানো অবস্থায় আমেরিকায় তৈরি একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানআসামী বিহীন বিদেশি পিস্তল, গুলি ও এস্কাফ সিরাপ উদ্ধার



