গাংনীতে এইচএসসি পরিক্ষার্থী বহিষ্কার কক্ষ পরিদর্শক দুই জনকে অব্যাহতি

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে| একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক দুই জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট| বহিষ্কৃত পরীক্ষার্থী রাকিবুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী| গতকাল বুধবার দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম|

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন কক্ষ পরিদর্শন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট| এসময় এক পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নের উত্তর খুঁজছিলো| শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট| একই সময়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী বামন্দি-নিশিপুর স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জেমিন আহমেদকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট|

পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।