স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) জেলা শাখার উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা দেশের টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং গণমুখী প্রযুক্তির প্রসারে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এর আগে জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর ডাকবাংলো চত্বরে আলোচনা সভা শুরু হয়।
বক্তব্যে প্রধান অতিথি শরীফুজ্জামান বলেন, কেবল আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকার বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছে কী প্রত্যাশা করে, সেটিও উপলব্ধি করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিশুকল্যাণসহ রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মসূচি ও জনমুখী উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তার সেই লক্ষ্য ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার যে ব্যক্তি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তিনি যেন নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং জাতীয়তাবাদী দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক প্রচারণা অব্যাহত রাখেন। কোনো প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তার সহযোগিতা প্রয়োজন হলে তিনি সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান। জেলার উন্নয়নে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগে তিনি পাশে থাকবেন।
সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, মাসে অন্তত একবার সংগঠনের কার্যক্রম, সদস্যসংখ্যা ও অগ্রগতির হালনাগাদ তথ্য নিয়ে তার সঙ্গে মতবিনিময় করতে। এতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। চুয়াডাঙ্গার উন্নয়ন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশীদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ।
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত



