দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ছেলের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়রামপুর কলোনীপাড়া এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীর (ছদ্মনাম: আখিতারা) সঙ্গে বাল্যবিবাহের আয়োজন করা হয়। কিশোরীর বাবা জমসেদ আলী ও মা মরিয়ম নেছা।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলমের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
তদন্তে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাবদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জামিলা আক্তারের ছেলে জুবায়ের হোসেনের (২৫) সঙ্গে কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল। বাল্যবিবাহের আয়োজনের দায়ে ছেলের অভিভাবক জামিলা আক্তারকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। কিশোর-কিশোরীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।



