আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হারদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলী-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারদী উত্তর পাশের একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার পুরাতন যাদবপুর গ্রামের আন্নাচ মালিথার ছেলে সেলিম রেজা (৪৪) এবং পোলতাডাঙ্গা গ্রামের মৃত হাসিবুল হকের ছেলে আরফিন হোসেন (২৮) পুলিশের দাবি, আটককৃতদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিক্রয় ও সংরক্ষণের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গায় ইয়াবা ও টাপেন্টাডলসহ আটক ২



