অসচ্ছল নারীর স্বাবলম্বিতায় সেলাই মেশিন বিতরণ করল চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। গতকাল মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে ‘স্বাবলম্বীকরণ কর্মসূচি’র আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক রনি বিশ্বাস উপস্থিত থেকে একজন কর্মক্ষম ও অসচ্ছল নারীর হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই পরিবারের জন্য টেকসই জীবিকা অর্জন ও অর্থনৈতিক স্বাবলম্বিতার সুযোগ সৃষ্টি হবে।
সেলাই মেশিন বিতরণকালে আসলাম হোসেন বলেন, আমরা শুধু সাময়িক ত্রাণ বা সহায়তা প্রদানে বিশ্বাসী নই; বরং একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই মেশিনটি একটি পরিবারের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে কাজ করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক রনি বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমাদের স্বাবলম্বীকরণ ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ ও স্বাবলম্বী জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংগঠনটি আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, মানসিক স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম এবং আগামীর নেতৃত্ব তৈরির লক্ষ্যে লিডারশিপ প্রোগ্রাম।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।