চুয়াডাঙ্গায় ১৮ জুলাই খেলাফত মজলিসের ‘নাগরিক সমাবেশ’ প্রধান অতিথি থাকবেন আল্লামা মামুনুল হক

স্টাফ রিপোর্টার
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ‘নাগরিক সমাবেশ’ এর ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ১৮ জুলাই (শনিবার) জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির আমীর ও ইসলামী আলোচক আল্লামা মামুনুল হক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের সমাবেশকে কেন্দ্র করে জেলা শাখা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবেশ সফল করতে এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ইউনিটে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে।
মাওলানা জুবায়ের খান জানান, সমাবেশকে সামনে রেখে খুব শিগগিরই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হবে। এছাড়া সমাবেশের স্থান, সময় ও সার্বিক পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। আগামী ১৮ জুলাই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।