জীবননগর অফিস
জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন ও তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাকের কারণে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। একই সঙ্গে তামাক চাষ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে।
জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



