চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসষ্টান্ডপাড়া এলাকা থেকে ওএমএসের চাল ও আটা জব্দ, ডিলার সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস এর ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার সুজন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার  বিকেল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় তারা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) ভর্তি ৭ বস্তা সরকারি চাল ও ২ বস্তা আটা উদ্ধার করে। পরে তদন্তে এগুলো ওএমএস কর্মসূচির খাদ্যশস্য বলে নিশ্চিত হওয়া গেলে তা জব্দ করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন স্টেডিয়ামের সামনে ও এম এস ডিলার রয়েছে সুজন মালিকের। সেই গোডাউন থেকে ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা নিয়ে সাতগাড়িতে বিক্রির উদ্দেশ্যে বের হয় একটি আলমসাধু। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ তৎক্ষণাৎ ছুটে আসেন ঘটনাস্থলে। সরকারি খাদ্যদ্রব্য অবৈধভাবে বাইরে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা শামসুল হক মালিকের ছেলে এবং সরকারি ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজন (৪৭)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট জব্দ করা চাল ও আটা  উদ্ধার করে নিয়ে যায়। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করে ছাড়া পায়। ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের গাড়ি দেখে উৎসুক মানুষের ভীড় জমে যায়। বিষয়টি কি , সেটা অনেকে জানার চেষ্টা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন  পুলিশের এস আই আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।