আলমডাঙ্গা অফিস
আন্তর্জাতিক পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা। সকাল ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে মানুষ ও প্রকৃতির জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। তিনি তরুণদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
সংগঠনের সভাপতি সাঈদ এম. হিরন তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি টেকসই, উন্নত ও বাসযোগ্য পৃথিবী গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র আরাফাত রহমান, মাহমুদুল হাসান, আল রাব্বি ও সবুজ। এ সময় উপস্থিত ছিলেন হারদী এস. এম. জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান এবং এসআই হেলাল উজ্জামান, যশোর। র্যালি শেষে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সংগঠনের সদস্য শিপনের সুমধুর কণ্ঠে পরিবেশ বিষয়ক গান পরিবেশিত হলে উপস্থিত সবাই তা উপভোগ করেন।
এদিকে একই দিনে আলমডাঙ্গা বধ্যভূমি সড়কে আগুন দিয়ে গাছ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে আলমডাঙ্গা ঐশিকা সংস্থা। আয়োজকরা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে আলমডাঙ্গায় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি



