আলমডাঙ্গার নান্দবারে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর চাচাতো ভাই  নাহিদ (২৩) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে নাফিজের বাড়ির ছাঁদে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন।
নিহত নাফিজ আহমেদ শান্ত গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটনের ছেলে। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই বলে জানিয়েছেন ইউপি সদস্য সাইদুর রহমান।
জানা যায়, সন্ধ্যার আগে থেকেই এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় নাফিজ আহমেদ শান্ত ও তাঁর চাচাতো ভাই নাহিদ, নাফিজের বাড়ির দ্বিতীয় তলার ছাদে বসে ছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ছাদের পাশের একটি নারিকেল গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে দুই যুবক অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোকাইয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে আহত  দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর শান্তকে মৃত ঘোষণা করা হয়। আহত নাহিদকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।