জীবননগর অফিস
জীবননগরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে স্বামীর বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী শিখা খাতুন গত বুধবার দিনগত রাত ১০ টার সময় অভিযুক্ত স্বামী বিপ্লবের বিরুদ্ধে জীবননগর থানায় একটি ভ্রূণ হত্যার মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী বিপ্লবকে গ্রেফতার করেছেন। হত্যার এ ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার কয়া গ্রামের দক্ষিণ পাড়ায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জীবননগর উপজেলার কয়া গ্রামের সাহাবুলের ছেলে বিপ্লবের (২৪) সাথে একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিখা খাতুনের (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিপ্লব বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে যৌতুক হিসেবে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন দাবি করে আসছিলো। এসব দাবি পূরণ না করায় শিখা খাতুনের ওপর তার স্বামী প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে।
শিখা খাতুন অভিযোগ করে বলেন, আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় গত ২৬ মে রাতে স্বামী সাইফুল ইসলাম যৌতুকের দাবীতে আমার উপর ব্যাপক শারিরীক নির্যাতন চালায় এবং পেটে লাথি মারে। পরবর্তীতে ৩১ মে দিনগত রাত প্রায় ১০টার দিকে বিপ্লব বাজার থেকে বাড়ি ফিরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে সে এক লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন দাবি করে। এ সময় আমি জানায়, আমার বাবা একজন দরিদ্র মানুষ এবং এত টাকা বা মূল্যবান জিনিসপত্র আমার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে বিপ্লব আমাকে বেধড়ক মারধর করে এবং খুব জোরে পেটে আবারও লাথি মারে। এতে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে জীবননগরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। পরবর্তীতে ১ জুন বিকেলে আমি জীবননগর মনোয়ারা সনো সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করায়। আল্ট্রাসনোগ্রামের সময় চিকিৎসক আমাকে জানায়, আমার গর্ভের সন্তানের কোনো হার্টবিট তারা পাননি। এ সময় চিকিৎসক আমাকে ১ ঘন্টা ধরে অক্সিজেন দেন। এরপর আবারও আল্ট্রাসনোগ্রাম করা হয়। তখনও আমার গর্ভের সন্তানের কোনো হার্টবিট পাওয়া যায়নি। পরবর্তীতে বুধবার সকাল ১১ টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে আমি একটি মৃত সন্তান প্রসব করি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় শিখা খাতুন বাদী হয়ে তার স্বামী বিপ্লবের বিরুদ্ধে থানায় একটি ভ্রূণ হত্যা মামলা করেছেন। মামলার পর বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।
জীবননগরে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে ভ্রূণ হত্যা থানায় মামলা, অভিযুক্ত স্বামী বিপ্লব গ্রেফতার



