আলমডাঙ্গায় নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসায় মেয়র প্রার্থী লিপুর অনুদান প্রদান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিম শিশুদের কল্যাণে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক (লিপু)। গতকাল বুধবার তিনি ‘আলমডাঙ্গা নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এ আর্থিক অনুদান প্রদান করেছেন। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই অনুদানের অর্থ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অনুদান প্রদানকালে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক (লিপু) বলেন এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে এই মাদ্রাসার যেকোনো উন্নয়নমূলক কাজে ও এতিম শিশুদের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছি।
এ সময় মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র পদপ্রার্থীর এই মানবিক উদ্যোগ এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে এতিম ও হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।