ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু

আলমডাঙ্গা অফিস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌর শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন আলমডাঙ্গা পৌরসভার বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা হাইরোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু করেন তিনি। এসময় যানজট নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা এবং ঈদকে কেন্দ্র করে বাজার ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
হাসিবুল হক লিপু বলেন, ঈদে ঘরমুখো মানুষ ও ক্রেতাদের ভোগান্তি কমাতে আমরা স্বেচ্ছাসেবক টিম নিয়ে মাঠে নেমেছি। আলমডাঙ্গা পৌরবাসীর সার্বিক সহযোগিতা পেলে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। আলমডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবসময় মাঠে থাকবো। শুধু ভোটের সময় নয়, ভোটের আগেও যে জনগণের জন্য কাজ করা যায়— সেটি আমরা বাস্তবে প্রমাণ করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেই নিজ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কাজ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কাজ শুরু করা হয়েছে। আলমডাঙ্গা রেলস্টেশনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঈদ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে ঈদ বোনাস প্রদান করে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জেমদের সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়াও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সৌদি প্রবাসী হাসিবুল হক লিপু বলেন, আমি দেশকে ভালোবাসি, নিজের এলাকাকে ভালোবাসি। আলমডাঙ্গার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তর করতে কাজ করে যাবো। এসময় স্বেচ্ছাসেবক টিমের সদস্য, স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।