চুয়াডাঙ্গার পাঁচ মাইল বাজারে পিকআপের ধাক্কায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার পাঁচ মাইল বাজারে পিকআপের ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে| গতকাল রবিবার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে| তিনি পেশায় একজন কৃষক ছিলেন|
স্থানীয়রা জানায়, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন| পথিমধ্যে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়| এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন| দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন| ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে|
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন| দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়| এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।