স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদরের উকতো গ্রামে জমিতে বিষ প্রয়োগ করাকে কেন্দ্র করে খলিল মণ্ডল (৪৩) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে| রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন| গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে| আহত খলিল মণ্ডল সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে|
আহত খলিল মণ্ডল অভিযোগ করে বলেন, আমি সকালে মাঠে গিয়ে আমার জমিতে কাজ করছিলাম| হঠাৎ আমার চাচা ইসমাইল ও চাচাতো ভাই খাইরুল সেখানে আসে| কোনো ধরনের কথা না বলেই তাদের হাতে থাকা দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে| এতে আমি গুরুতর আহত হই| পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে| আমার ছোট ভাই তার নিজ পাট ক্ষেতে বিষ দিয়েছিল| সেই বিষের প্রভাবে পাশের ক্ষেতের অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের দুই-একটি গাছের পাতা ক্ষতি হতে পারে| সেই ঘটনাকে কেন্দ্র করেই আমার ওপর হামলা চালানো হয়েছে|
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, খলিল মণ্ডল নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছেন| তার পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং বাম হাত ভেঙে গেছে| প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে|



