দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার একমাত্র গর্বের শিক্ষা প্রতিষ্ঠান দামুড়হুদা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুল আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ এ জেলায় ৩য় স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরেই শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনী কার্যক্রমে শীর্ষস্থান ধরে রাখা এই প্রতিষ্ঠানটি এবারও প্রমাণ করেছে সাফল্যের মুকুট একমাত্র তাদেরই প্রাপ্য। এ পর্যন্ত উপজেলার যত বড় বড় অর্জন ও কৃতিত্ব, তার অধিকাংশই এই প্রতিষ্ঠানের হাত ধরেই এসেছে।
এর আগেও প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখে এবং বিভাগীয় পর্যায়ে বৃত্তিতে ১ম স্থান ও দেশসেরা হওয়ার খেতাব অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখে জেলার গণ্ডি পেরিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। যা এখনো পর্যন্ত এই উপজেলার অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্জন করতে পারেনি। ফলে গৌরবের সাথে পুরো উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
এবারের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প বিচারকদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, সৃজনশীল চিন্তাধারা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্টরা জানান, এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, এটি পুরো উপজেলার জন্য গর্বের বিষয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে প্রতিষ্ঠানের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিভাবক মহল, এলাকাবাসী ও সচেতন মহলে আনন্দের জোয়ার বইছে। সবাই মনে করছেন, এই প্রতিষ্ঠানই ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য এনে দামুড়হুদা উপজেলাকে দেশের মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই আমরা এ সাফল্য পেয়েছি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরও বড় পরিসরে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে।
জাতীয় বিজ্ঞান মেলায় দামুড়হুদা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুল তৃতীয়



